বরগুনার আমতলী উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। এই সংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে তাদের শখের মোটরসাইকেল কম দামে, অনেকটা ‘কেজি দরে’ বিক্রি করে দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে কয়েকদিন ধরে তেল সরবরাহ বন্ধ বা সীমিত রয়েছে। এতে করে জরুরি প্রয়োজনেও যানবাহন চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি হলেও তা সবার নাগালের বাইরে।
বাইক চালকরা জানান, শখ করে কেনা মোটরসাইকেল এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তেল না থাকায় ব্যবহার করতে পারছেন না, আবার রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে গেছে। ফলে বাধ্য হয়ে অনেকেই কম দামে বাইক বিক্রি করছেন।
একজন ভুক্তভোগী বলেন, “অনেক শখ করে বাইক কিনেছিলাম। এখন তেলই পাই না, চালাবো কীভাবে? তাই কম দামে বিক্রি করে দিচ্ছি।
এদিকে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে, যা সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি।
এ পরিস্থিতিতে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।