রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক প্লাস্টিকের ড্রামে পেট্রল মজুদ করে নিজ বাসায় লুকিয়ে রাখতেন এবং পরে তা সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে মজুদ করা জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় পেট্রলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।