মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রবিউল ইসলাম (স্থানীয় বাসিন্দা) নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
শনিবার (১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।
আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পারকেষ্টপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় দর্শনা থেকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়া এক ব্যক্তিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।