চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ পিস প্যাথেড্রিন উদ্ধার করেছে। তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের আরামডাঙ্গা মাঠ সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই সৌমিত্র সাহা ও এএসআই মো. মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পিরপুরকুল্লা গ্রামের মো. সোহেল মন্ডল (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সামনে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ও ১০০ পিস প্যাথেড্রিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।