আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ ফিরোজ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি।
শুক্রবার সকালে জীবননগর ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৫৮ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে ৭৫ বোতল অবৈধ ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সূত্র :BBC crime news