ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে ঝলসে দিয়েছে আওয়ামী লীগ নেতার ছেলে , দগ্ধ ৩

মোঃ রাইসুল ইসলাম রাজু দর্শনা চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার পুকুরপাড়া এলাকার মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামানের (৩১) শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের সুলতানের বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধ অন্য দুজন হলেন একই এলাকার সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২)।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা হাসানুজ্জামান অভিযোগ করেন, শনিবার দিবাগত রাতে আমি সহ স্থানীয় লোকজন উপজেলার পুকুর পাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে থাকার সময় আওয়ামী লীগ কর্মী সুলতান মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশ থেকে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি আমার শরীরে ছুড়ে মারে। এ সময় আমাকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসানের শরীরেও গরম পানি পড়ে। এতে আমি সহ তিনজনই দগ্ধ হয়। ঘটনার পর সুলতান পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার গভীর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত সুলতানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত ) হিমেল রানা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগে এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।##


     এই বিভাগের আরো খবর