চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তাররা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর ছোট মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আকাশ (২৩), বুরুপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩২), ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর এলাকার মো. তাহাউদ্দিনের ছেলে মো. মাসুম হোসেন (৩০), চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ এলাকার মো. মতিয়ার রহমানের ছেলে মো. আল মামুন (২৫) এবং জীবননগর উপজেলার কালাগাংপাড়া এলাকার মৃত লতিফের ছেলে মো. শফিকুল (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রত্যেক আসামির কাছ থেকে ১০ গ্রাম করে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন। আদালত প্রত্যেককে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।