কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির সহ গৃহীত বিভিন্ন প্রকল্পের বিলের চেক প্রদান করা হয়। চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) পলাশ মন্ডল। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বর্তমান বিএনপি সরকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষা বান্ধব সরকার। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের মানুষের জন্য কাজ করেছে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে দিন- রাত পরিশ্রম করছেন। সারা দেশে উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন ধারা অব্যহত রাখতে বর্তমান সরকারের জন্য দোয়া চান এবং সকলের সহযোগিতা চান। সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির সহ বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা সমাজকে আরও সুসংগঠিত ও আলোকিত করতে সহায়ক হবে। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল জানান, এই অর্থায়নের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।