কুষ্টিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বিরোধপূর্ণ ও মামলাধীন জমি দখলচেষ্টা, আদালতের বিচারাধীন জমিতে রাস্তা নির্মাণ এবং দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিবাদী আনোয়ার হোসেন আনারের ভাসতে শামীমের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী অনিক বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ১৭ জুন সকাল ১১টার দিকে আনোয়ার হোসেন আনার, জাহানারা শান্তী ও শামীম সহ ১০-১৫ জন লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে বাঁশের বেড়া দিতে শুরু করেন।বাধা দিলে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে এলে তিনি দৌড়ে আত্মরক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনার পর গত ২৮ জুন দহকুলা পুলিশ ক্যাম্পে এসআই আব্দুল সাত্তারের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জমির মালিকানা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় মামলার নিষ্পত্তি বা সমঝোতা না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের রাস্তা নির্মাণ বা স্থায়ী কাজ না করার নির্দেশ দেওয়া হয়। শুধু বৃষ্টির পানিতে কাদা জমে চলাচলে সমস্যা হওয়ায় কয়েকটা নিচু অংশ সামান্য সমান করার বিষয়ে আলোচনা হয়।অভিযোগ রয়েছে, ওই সিদ্ধান্ত অমান্য করে আনোয়ার হোসেন আনার পরে মামলাধীন জমিতে রাস্তার আকৃতিতে বালু ফেলে ভরাট করেন। পরবর্তী বৈঠকের দিন ধার্য ছিল ১৫ জুলাই। ওই দিন বাদীপক্ষ উপস্থিত থাকলেও বিবাদীপক্ষ উপস্থিত হননি। এ সময় বাদীপক্ষ বালু ফেলার ভিডিওচিত্র এসআই আব্দুল সাত্তারকে দেখালে তিনি মুঠোফোনে আনোয়ার হোসেন আনারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সূত্রে জানা যায়, এসআই আব্দুল সাত্তার জানতে চান, নিচু জায়গা সামান্য সমান করার কথা থাকলেও কেন রাস্তার মতো করে বালু ফেলা হয়েছে।