কুষ্টিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান শুধু খুচরা বিক্রেতা বা বাহকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; মাদকের নেপথ্যে থাকা ‘গডফাদারদের’ও আইনের আওতায় আনা হবে।তিনি বলেন, “কথা দিচ্ছি, শুধু মাদক বিক্রেতা নয়—আমি গডফাদার পর্যন্ত যাবো।” মাদক ও সন্ত্রাসমুক্ত কুষ্টিয়া গড়তে পুলিশকে নতুনভাবে সাজানোর পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ কিছু সিস্টেমেও পরিবর্তন আনার কথা জানান তিনি।সোমবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টায় কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, থানায় দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা নিশ্চিত, টহল ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা বক্তব্য দেন তিনি।নবাগত এসপি মোঃ আমিনুল ইসলাম বলেন, কুষ্টিয়াকে মাদকমুক্ত করা তার অন্যতম প্রধান অগ্রাধিকার। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু মাদক বহনকারী বা বিক্রেতাদের গ্রেপ্তার করেই অভিযান শেষ করা হবে না।তিনি বলেন, “আমার প্রথম চাওয়াই হচ্ছে কুষ্টিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা। শুধু মাদক বিক্রেতাকে নয়, মাদকের যারা গডফাদার রয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে চাই। আপনাদের কথা দিচ্ছি, আমি গডফাদার পর্যন্ত যাবো।”মাদক ব্যবসার সঙ্গে কারা নেপথ্যে থেকে জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও তথ্য ও সহযোগিতা প্রত্যাশা করেন পুলিশ সুপার।