ঢাকা, রবিবার, ৭ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

Oplus_131072


মজুরি বৃদ্ধির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিড়ি শ্রমিকরা। রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা কুষ্টিয়া-প্রাগপুর সড়কে অবস্থান নিয়ে টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতি হাজার বিড়ি তৈরির জন্য তারা ৬১ টাকা মজুরি পাচ্ছেন। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তারা মজুরি ৮১ টাকায় উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা কর্মবিরতি দিয়ে সড়কে নেমেছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ গণমাধ্যমের ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সড়ক অবরোধের ফলে প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, মজুরি নিয়ে শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


     এই বিভাগের আরো খবর