কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের শামুকিয়া গ্রামে পদ্মা নদী থেকে উত্তোলিত অবৈধ বালুবাহী ডাম্প ট্রাক চলাচলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন হাজারো এলাকাবাসী। নিরাপদ সড়ক, জনদুর্ভোগ নিরসন এবং অবৈধভাবে বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে উত্তোলিত বালু বোঝাই ভারী ডাম্প ট্রাক গ্রামের সরু সড়ক ব্যবহার করে চলাচল করছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারছে না। কৃষকদের মাঠ থেকে ফসল পরিবহন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ভারী যানবাহনের কারণে গ্রামের সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরম দুর্ভোগের মুখে পড়েছে।
স্থানীয়দের দাবি, অবৈধ বালুবাহী ট্রাক চলাচলে বাধা দিতে গেলে কিছু প্রভাবশালী মহল প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অবিলম্বে শামুকিয়া গ্রামের সড়কে অবৈধ বালুবাহী ডাম্প ট্রাক চলাচল বন্ধ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তারা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। তবে সাধারণ মানুষের জীবন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে কোনোভাবেই অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না।”
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মিরপুর উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে সুনির্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।