কুষ্টিয়া
৪ অক্টোবর ২০২৬,
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুরকুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তার গাড়িতে ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং রাত ৮টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে মাজার এলাকা থেকে বের করে নিয়ে যায়।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে রোববার কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রথমে তিনি কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে যান। সেখানে স্থানীয় শিল্পীদের গান শোনার পর তিনি বের হওয়ার সময় কয়েকজনের সঙ্গে ছবি তুলছিলেন। ওই সময় তাকে লক্ষ্য করে একজন ডিম ছুড়ে মারেন বলে তার সঙ্গে থাকা ব্যক্তিরা দাবি করেছেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, ছবি তোলার সময় নাসীরুদ্দীনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর ২০ থেকে ২৫ জন এসে উচ্চস্বরে গালাগালি করে এবং তাকে মারতে উদ্যত হয় বলে তিনি দাবি করেন। তাকে রক্ষা করতে নেতাকর্মীরা ঘিরে ধরেন। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইট ছুড়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলেও তিনি জানান।
ঘটনার পর লালন শাহের মাজার প্রাঙ্গণে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট এবং এতে দেখা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছে এনসিপি। এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন এবং এ ঘটনায় থানায় মামলা করা হবে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন হামলার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত নয়। একই সঙ্গে তিনি বলেন, কোনো নেতা-কর্মী জড়িত থাকলে দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে।