কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ট্রাকের চাকা বিস্ফোরণে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ট্রাকের চাকা বিস্ফোরিত হলে গুরুতর আহত হন চালক পরেশ (৪০)। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পরেশের বাড়ি যশোর জেলার চুরামনকাঠি এলাকায় বলে জানা গেছে। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।