কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে গভীর রাতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২০ জুলাই) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমন হোসেন (৩০) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনগত শেষ রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
নিহতের স্ত্রী জানান, রাত চারটার দিকে ফুটবল খেলা দেখে বাড়িতে ফেরে সুমন। তাকে শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো। তখনি আবার বাড়ি থেকে মাঠের দিকে বের হয়ে যায়। এরপর আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পাই ঘরের ডাবের সঙ্গে সুমনের লাশ ঝুলছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুমনদের বাড়ি থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। ঘরের ভেতরে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখে অন্যদের সহযোগিতায় তাকে নামানো হয়। পরে স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।