ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাস্থলে বাস চালকের গাফিলতি বা অন্য কোনো ত্রুটি ছিল কিনা যাছাই পূর্বক দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-রেজিস্ট্রার মো. জামির হোসেন, সদস্য হিসেবে লিটন চৌধুরী ও সদস্যসচিব হিসেবে দায়িত্বে আছেন উপ-পরিচালক মো. আঞ্জুরুল হক। সোমবার সকালে কুষ্টিয়ার নিশান মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে আসা নারী শিক্ষার্থী বহনকারী ‘সুহাইল’ নামের বাসটি বটতৈল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বাসটি বটতৈল এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করেন চালক। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে বাস চালককে দুষছেন শিক্ষার্থীরা।তদন্ত কমিটির আহ্বায়ক মো. জামির হোসেন বলেন, “দুর্ঘটনার কেন হয়েছে, কিভাবে হয়েছে এসব যাচাই করতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নিয়ে আমি কাজ করব।” তদন্ত কমিটি সম্বন্ধে জানতে চাইলে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘ঘটনা অবগত হওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে উপস্থিত হন। কিছু শিক্ষার্থী আহত হয়। কোনো ধরনের গাফলতি ছিল কিনা খতিয়ে দেখবে কমিটি।