আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির সাচ্চা কাউকে হালুয়া-রুটির লোভে রাজদলে ভাড়া করতে পারেনি। গুটি কয়েক উচ্ছিষ্ট পূর্ব থেকে দল-বিতাড়িত কিছু গণধিক্কৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। এটা কী ধরনের ছোটলোকি? আমরা বিভিন্ন পাড়ায়-মহল্লায় শুনি কিছু মানুষজন থাকে নীতিহীন, নীতিবিবর্জিত, তারা পাশের বাড়ির কাজের লোককে ভাগিয়ে নিয়ে যায়।
সেই সমস্ত ব্যক্তির সমপর্যায়ে এখন আওয়ামী লীগ।
আজ বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকারের লজ্জা হওয়া উচিত, দেড় যুগ ধরে এত রাষ্ট্রীয় লোক-লস্কর মাঠে নামিয়ে, এত নগদ অর্থ বিতরণ, ব্লাকমেইলিং, এমপি-মন্ত্রী করার প্রলোভন দিয়ে পর্বতের মুষিক প্রসবের মতো অবস্থা হলো। যাদের কিনে ভোটে ভিড়িয়েছে তাদের দু-একজন ছাড়া কারো নাম পর্যন্ত শোনেনি দেশের মানুষ।আওয়ামী লুটেরাচক্র এবং তাদের দোসররা এখন মাফিয়াদের বর্তমান আস্তানা গণভবনের দিকে ছুটছে মন্তব্য করে তিনি বলেন, ভাগ-বাটোয়ারা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে। প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না… তারা শুধু সংসদে যেতে চান। তাই তারা শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে, তিনি তার হাতে রাখা ‘হাড্ডি’ দিয়েছেন আরেক নেতার হাতে।
এখন ‘হাড্ডি’ বিলানোর দায়িত্ব সেই নেতার। যে রগড় চলছে ভোট ঘিরে, তা ইতিহাসে অদৃশ্যপূর্ব।
রিজভী বলেন, শেখ হাসিনার তার রেজিমের প্রধান বিরোধীদল বানিয়েছেন যাদের, সেই জাতীয় পার্টির মহাসচিব গতকাল বলেছেন, সরকার আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি। কী ভয়াবহ পরিস্থিতির উদ্ভব ঘটেছে তা জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্যে স্পষ্ট। শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া দেশে কারো ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও নেই।
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ১২ কোটি ভোটারের কাছে আমাদের আহ্বান, আপনারা কারো প্রহসনের নির্বাচন করার স্বার্থসিদ্ধিতে নিশ্চয়ই অংশ নেবেন না, আপনারা অংশ নেবেন না …. এটা আমরা প্রত্যেকে জানি এবং আন্তর্জাতিক বিশ্বও জানে।
ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যারা এই পাতানো সিলমোহরের নির্বাচনে অংশ নিচ্ছেন বা প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা করছেন… তাদের আমি বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, যদি মনুষ্যত্ব থাকে, বিবেক-বিবেচনাবোধ থাকে তবে ফিরে আসুন। আপনারা মীরজাফরের উত্তরসূরি হবেন না। ১৮ কোটি মুক্তিকামী মানুষের ঘৃণা আর রুদ্ররোষের শিকার হবেন নাগত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৬০ জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার ও ১৮ মামলায় এক হাজার ৭৮৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান রিজভী।