সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘ভাসানী ছিলেন এ দেশের নিপীড়িত মানুষের নেতা, যার নেতৃত্বে এ দেশের রাজনৈতিক চেতনা ও আন্দোলনের শক্ত ভীত গড়ে উঠেছিল। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ভাসানীর আদর্শকে ধারণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অনেক নেতা ভাসানীর মাজার প্রাঙ্গণে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন।’
শনিবার (৭ মার্চ) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।টুকু আরো বলেন, ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে দুটি বাস এবং শতভাগ আবাসন নিশ্চিত করতে নতুন আবাসিক হল নির্মাণের বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে।’
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ‘পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুদৃঢ় হবে।