আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দামুড়হুদায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত মোঃ মারুফ হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ অক্টোবর রাতে দর্শনা থানার উজলপুর এলাকা থেকে দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মারুফ দর্শনা কাস্টমপাড়ার আব্দুস সামাদের ছেলে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।
ঘটনাটি ঘটে গত ২২ অক্টোবর রাতে। লোকনাথপুর গ্রামের ছোট পোল এলাকায় দামুড়হুদা মডেল থানার টহল দল একটি বেপরোয়া গতির মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে কর্তব্যরত কনস্টেবল মোঃ আলমগীর হোসেনকে সজোরে ধাক্কা দিয়ে লাল-কালো রঙের হিরো গ্ল্যামার মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় কনস্টেবল আলমগীরকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ধারায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
(সূত্রে :BBC crime news)