রাজশাহী-৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকের প্রচার মিছিলে নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার বিকেলে বাগমারা উপজেলার মাদারগঞ্জ বাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক।
প্রচার মিছিলে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক নিজেও ছিলেন।হামলার সময় কর্মীরা তাকে কোনোরকমে রক্ষা করেন। এনামুল হকের দাবি, হামলায় তাঁর কমপক্ষে ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তার সমর্থকদের নিয়ে প্রচার মিছিল বের করলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকরা সেখানে নৌকা নৌকা বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মিছিল লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পায়ের জুতা-স্যান্ডেল ফেলে দিগ্বিদিক পালাতে থাকেন কাঁচির সমর্থকরা। পরে উভয় পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে।
বর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এনামুল হক বলেন, ‘আমরা প্রশাসনের কাছে বিচার চাই। এভাবে আক্রমণ করে কাঁচির প্রচার বন্ধ করা যাবে না। বাগমারার প্রতিটি মানুষের হৃদয়ে কাঁচি মার্কা প্রতীক পৌঁছে গেছে। ৭ তারিখে ব্যালটের মাধ্যমে আমরা জবাব দেব।