ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ()

শিশু ধর্ষন ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

Oplus_131072

কুমিল্লার বুড়িচংয়ে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু সহিংসতা অপরাধদমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান দীর্ঘ ছয় বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং ওই এলাকার একটি মাদ্রাসার দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ মে বিকেলে শিশু উম্মে হাবিবা মীম তার বাবার মোবাইলে ফ্লেক্সিলোড করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। পথে ময়নাল হোসেন তাকে কৌশলে ধরে নিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে। অপরাধ আড়াল করতে তিনি মরদেহটি পলিথিনে পেঁচিয়ে স্থানীয় ভারেল্লা শাহ ইসরাইল কামেল মাদ্রাসার টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন। পরবর্তীতে নিখোঁজের জিডি ও স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ময়নালকে আটক করা হলে তার দেওয়া তথ্যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, আসামির বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। মামলায় অভিযুক্ত অন্য এক আসামি নাবালক হওয়ায় তার বিচার বর্তমানে শিশু আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘ ছয় বছর পর পাওয়া এই রায়ে নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করে অবিলম্বে খুনি ময়নালের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে।


     এই বিভাগের আরো খবর