ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভাগাভাগির নির্বাচনে দেশ ও জনগণ গভীর সংকটে পড়বে : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট  ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা শুধু রাজনৈতিক দলগুলোর সমস্যা নয়, সমগ্র দেশ ও জাতির সমস্যা। সুতরাং ঐক্যবন্ধভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। অন্যথায় দেশ গৃহযুদ্ধের দিকে বা রক্তপাতের দিকে যাবে।

আজ বুধবার বিকেলে এলডিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. অলি আহমদ বীর বিক্রম  বলেন, আওয়ামী বাকশালীরা চায় তাদের অবৈধ কর্মকাণ্ড জায়েজ করার জন্য যেনতেনভাবে পুনরায় ক্ষমতা দখল নিতে। আমরা চাই জনগণের ভোট প্রদান নিশ্চিত করতে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে।

তিনি বলেন, দুর্নীতি, অন্যায় ও অবিচারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলবে।

এতে দেশ ও জনগণ উপকৃত হবে না। বরং এই হঠকারী ভাগাভাগির নির্বাচনের কারণে দেশ ও জনগণ এক গভীর সংকটে পড়বে। ক্ষমতা লোভীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। এই নির্বাচন কখনো গণতন্ত্র নিশ্চিত করবে না।

তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ প্রদত্ত এই সুযোগ কাজে লাগাতে হবে। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপিড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, নতুন উদ্যোমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এ সময় সরকারের পদত্যাগসহ এক দফা এবং তফসিল বাতিলের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন অলি। তিনি ২১, ২২ ও ২৩ ডিসেম্বর লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর