ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

মাদক নিয়ে প্রতিবাদ করায় ইমামকে কুপিয়ে জখম

Oplus_131072

নরসিংদীর রায়পুরা উপজেলায় ‘মাদক নিয়ে প্রতিবাদ’ করায় মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।

আহত মো. নাহিদ হাসান (২৩) ওই এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম। নাহিদ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নাহিদের বাবা জাকির হোসেন ও তার বোন শান্তা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন বখাটে মাদক সেবন করে আসছিলেন। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন নাহিদ।

এদিন সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কেনার জন্য বাজারে যাওয়ার পথে কয়েকজন যুবক ছুরি ও চাপাতি দিয়ে নাহিদকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় স্থানীয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনরা; যারা মাদক সেবনের সঙ্গে জড়িত। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন নাহিদের স্বজনরা।


     এই বিভাগের আরো খবর