রাজশাহীর পবা উপজেলায় পুলিশের থেকে হ্যান্ডকাপসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা।
রবিবার (২২ মার্চ) বিকেলে পবা উপজেলার পিল্লাপাড়া মোড়ের সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, মারামারির একটি মামলার ১ নম্বর আসামি পিল্লাপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে মো. রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার মা আয়েশা বেগমের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন ঘটনাস্থলে জড়ো হয়ে মব সৃষ্টি করে।
এসময় তারা আসামীকে গ্রেপ্তার করা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে এসআই প্রতাপ, এএসআই আলামিন, এএসআই জাহিদ, এএসআই হারুন ও এএসআই রাকিবসহ পুলিশের কয়েকজন সদস্য লাঞ্চিত হন। হামলার এক পর্যায়ে জনতা পুলিশের কাছ থেকে আসামি রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।