বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-৩) সোহরাব উদ্দিন। গতকাল শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। প্রতিবাদ বিবৃতিতে তিনি দাবি করেন, বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যে ‘অখণ্ড ভারতের’ ধারণার প্রতিফলন দেখা গেছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ও ভারতকে একীভূত একটি বৃহৎ শক্তি হিসেবে দেখার যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সত্তার পরিপন্থী।
এ ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগকে অবমূল্যায়ন করে বলেও মন্তব্য করেন তিনি। বিবৃতিতে সোহারাব উদ্দিন বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীন রাষ্ট্রীয় পরিচয় নিয়ে গর্বিত এবং এ বিষয়ে কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কথিত ‘পুশ-ইন’ কার্যক্রম এবং বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাগুলোরও তীব্র সমালোচনা করেন তিনি।
এসব ঘটনাকে মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী উল্লেখ করে সীমান্তে হত্যা ও জোরপূর্বক মানুষ ঠেলে পাঠানোর মতো কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। বিবৃতির শেষাংশে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত বক্তব্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। তবে ভারতীয় হাই কমিশনারের উক্ত বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।