মেহেরপুরের মুজিবনগরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার ছেলের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন।
খবর পেয়ে ভুক্তভোগীর বাবা দ্রুত মাদ্রাসায় এসে স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখতে পান। পরে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আরও কয়েকজনের শিশুর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগের কথাও শোনা যাচ্ছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও করে। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।