শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় আধা কিলোমিটার দূরে জমিতে লুকিয়ে থাকা মুর্শিদ নামে ডাকাতকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেনা গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় বিজয়নগর থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মুর্শিদ মোল্লা প্রকাশ মোরশেদকে গ্রেফতার করা হয়। মুর্শিদ কেনা গ্রামের চেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির তিনটি মামলা রয়েছে। শনিবার (১১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।অভিযানে যাওয়া ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই আলী রেজা মামুন বলেন, ‘আমরা সব সময়ই চাই সর্বোচ্চটা দিতে। এরই ফলস্বরূপ আধা কিলোমিটারের বেশি দৌঁড়ে গিয়ে ডাকাত মুর্শিদকে গ্রেফতার করা হয়। তাকে ধরতে গেলে সে জমিতে নেমে যায়। আমরা পাঁচ জন পুলিশও তার পেছনে পেছনে দৌঁড়াতে থাকি। কর্দমাক্ত জমি হওয়ার সবার শরীর কাদা লেগে যায়। পুলিশ ধাওয়া করে সেখান থেকে ধরে ফেলে। আজ আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়ার জেলহাজতে পাঠানো হয়েছে।’