কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্যা হলি কুরআন ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ। গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মিলনায়তন। অনুষ্ঠানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া, মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ১ম পুরস্কারসহ মোট ৩৭৪ টি পুরস্কার এবং সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হামিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শ, নৈতিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও সমন্বয় প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক চর্চার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে হুজ্জাতুল ইসলাম শিক্ষার্থীদের সুন্দর চরিত্র গঠন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। দ্যা হলি কুরআন ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান বলেন- শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষা কার্যক্রমের সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিবছর দুইবার এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গজল পরিবেশন করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ তানজিল আহম্মেদ। তার সুমধুর পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।