কুষ্টিয়ার কুমারখালীতে বিবাহবিচ্ছেদ হওয়া পুত্রবধূকে পুনরায় ঘরে তোলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে স্বজনদের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাবেয়া খাতুন (৩৯) কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার ভ্যানচালক মকছেদ আলীর স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে পারিবারিক কলহের জেরে রাবেয়া খাতুনের বড় ছেলে সুমনের সঙ্গে তার স্ত্রী বৃষ্টির বিবাহবিচ্ছেদ হয়। গত ৪ আগস্ট ধর্মীয় রীতিনীতি না মেনে ওই পুত্রবধূকে পুনরায় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন রাবেয়া ও তার পরিবার। এতে ক্ষুব্ধ হন রাবেয়ার আপন ভাতিজা শরিফ হোসেন, রাকিবুল ইসলাম ও আসাদুল হোসেনসহ তাদের পক্ষের লোকজন।নিহতের পরিবার জানায়, ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোঁটা নিয়ে রাবেয়ার বাড়িতে চড়াও হন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রাবেয়া মাথায় মারাত্মক আঘাত পান। প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।