কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের পরদিন হাসিবুল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের মাঠের নিজ মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিবুল ডিগ্রী পাশ ও শিক্ষিত। তবে অনেকবছর যাবৎ তিনি মানসিক রোগে ভুগছিল। মাঝেমধ্যে তিনি বাড়ি থেকে চলে যেতেন অন্যত্রে। আবার কয়েকদিন পর একাই ফিরে আসতেন। শুক্রবার সন্ধায় তিনি বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরেননি। এরপর আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্জন মাঠের নিজ মেহগনি হাসিবুলের মরদেহ দেখে স্বজনদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিকেল ৪টার দিকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত হাসিবুলের বাবা তাজউদ্দিন মোল্লা বলেন, ‘আমার কোনো শত্রু নেই। ছেলের মাথায় অনেকদিন ধরে সমস্যা। প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেত। আবার একাই ফিরে আসত। তবে শুক্রবার সন্ধায় বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরেনি। শনিবার দুপুরে নিজের মেহগনি বাগানে ছেলের লাশ পড়েছিল।’ চাঁদপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বলেন, শুনেছি শুক্রবার সন্ধা থেকে নিখোঁজ ছিল হাসিবুল। আর আজ মাঠ থেকে লাশ পাওয়া গেছে। কিভাবে কি হয়েছে তা এখনও জানা যায়নি। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের দাবি, তিনি মানসিক রোগে ভুগছিল। মরদেহের শরীরের আঘাতের তেমন কোনো ক্ষত নেই। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরে বিস্তারিত জানানো যাবে।