কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর ডাক্তারপাড়া এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মসলেম মন্ডল (৫৪) হত্যাকাণ্ডে পূর্বপরিকল্পিত ‘কিলিং মিশনে’ দশের অধিক স্বজন অংশ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, হামলায় জড়িত সবাই মসলেম মন্ডলের নিকট আত্মীয়-স্বজন। দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ হামলা চালিয়ে হত্যা করেছে।পরিবারের অভিযোগ, হামলায় সরাসরি অংশগ্রহণ ও ঘটনাস্থলে অবস্থান নিয়ে সহযোগিতাকারীদের মধ্যে মামুন, জহুরুল, আশরাফুল, উজ্জ্বল, মাহবুব, সোহেল, স্মৃতি, উম্মী, ওয়াহেদা ও মরিয়মসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন সরাসরি মারধরে অংশ নেন, অন্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে স্থানীয়দের এগিয়ে আসতে বাধা দেন বলেও অভিযোগ করা হয়েছে। নিহত মসলেম মন্ডল কুষ্টিয়া সদর উপজেলার ডাক্তারপাড়া এলাকার মৃত আবেশ মন্ডলের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।
বর্তমানে তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ সংযুক্ত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মসলেম মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তাঁর ওপর হামলার ঘটনা ঘটে এবং সে ঘটনায় দায়ের করা একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয়। তাদের ভাষ্য, গত বুধবার মাগরিবের পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে বিরোধপূর্ণ জমির ওপর অবস্থিত একটি আমবাগানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।