ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ায় কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী 

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রুপালি খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি মেলার গুরুত্ব অপরিসীম। কৃষির উন্নয়নে সরকার নানা ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করেছে, যা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করছে।

বিশেষ অতিথি এ এম জুবায়েদ রিপন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুন বলেন, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র ও কৃষিবিষয়ক সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এতে কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। মেলায় মোট ১৬টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে দেশীয় জাতের ফলের প্রদর্শনী, মশলা, মাটির স্বাস্থ্য রক্ষার বিভিন্ন চিত্র এবং পেঁয়াজ সংরক্ষণের আধুনিক যন্ত্র বিশেষভাবে দর্শনার্থীদের নজর কাড়ে।

অনুষ্ঠানের শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেরা স্টল নির্বাচিত করে স্টল মালিকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কৃষি ও প্রযুক্তি মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিযন্ত্র, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা এবং কৃষি উদ্ভাবন বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শিত হয়, যা দর্শনার্থী ও কৃষকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।


     এই বিভাগের আরো খবর