কুষ্টিয়া বড় রেলস্টেশনের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা ও যাত্রীভোগান্তি নিরসনে আশার সঞ্চার হয়েছে। বুধবার (২৪ জুন) স্টেশনটি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) মো. সোহাগ রানা। পরিদর্শনকালে তিনি স্টেশন ভবনের সার্বিক অবকাঠামোগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় যাত্রী বিশ্রামাগার, শৌচাগারের বেহাল অবস্থা, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সরেজমিনে পর্যালোচনা করা হয়।মো. সোহাগ রানা বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন ও স্টেশনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে কুষ্টিয়া বড় রেলস্টেশনকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম। তিনি বলেন, এ পরিদর্শন কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আশার নতুন দ্বার উন্মোচন করবে এবং দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করেন।