কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেছেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলাতে উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলায় ব্রেনের বিকাশ হয়। আমাদের যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান ফটক-সীমানা প্রাচীর উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের ফিস আদায়করণে সোনালী ব্যাংকের সাথে অনলাইনে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিফাত ই মরিয়ম। তিনি বলেন, “যারা পুরস্কার পায়নি, তাদের পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জেনারেশন জি-কে নিজেদের সময় ব্যবস্থাপনা করতে হবে। স্ক্রিন টাইম, পড়াশোনা ও খেলাধুলার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। খেলায় জয় যেমন আনন্দ দেয়, তেমনি পরাজয় থেকেও মূল্যবান শিক্ষা অর্জিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান আরও বলেন, এখন ১২ হাজারের মতো কাজ আছে। সেই কাজের যোগ্যতা অর্জন করতে হবে। যে কোন বিষয়ে স্পেশালিষ্ট হলে কাজের অভাব হবে না। আমরা এখন যেখানে আছি, তার থেকে এগিয়ে আরো ভালো কিছু করতে চাই। গত শনিবার (১৬ মে) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মনিরা আকতার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান ফটক-সীমানা প্রাচীর এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাহদী হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মুন্সী মো: নাহিয়ান সাদমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন স্বপ্নীল পাল। এ সময় সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহা: নাজমুল হক, কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার শাহীন উদ্দিন, এনডিসি মেহেদী হাসান রিফাতসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন, বেলুন ও ফেস্টুন উড়িয়া এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান শিক্ষার্থীদের নৈতিকতা চর্চা, সুশিক্ষা গ্রহণ এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।