জামালপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা এস এম জিয়াউল হক জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জিয়াউল হক জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এ ছাড়া দিগপাইত ডি কে উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার দিকপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা জিয়াউল। সভাপতি থাকাকালে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত ১৫ জানুয়ারি তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন শামীম রেজা বলেন, তাঁর (জিয়াউল) রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল। পরে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, গতকাল বাংলা নববর্ষ উপলক্ষে জেলা কারাগারে দুপুরে উন্নত খাবারের আয়োজন ছিল। বেলা ১টার দিকে তিনি খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। পরে বেলা ২টার দিকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৫টা পর্যন্ত চিকিৎসা নেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার বলেন, তিনি দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে আসেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।