ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

আসন বণ্টন নিয়ে ১৪ দলীয় জোটের সমন্বয়কের সঙ্গে বৈঠক শেষে সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন

 যে কোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দর কষাকষি হয়, মন কষাকষি হয়, তাহলে শেষ বিচারে হাসিমুখে উঠে যাব। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর রাজধানীর ইস্কাটনের বাসায় বৈঠক করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতারা।

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইনু বলেন, যেখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে। প্রার্থীরা নৌকা মার্কায় নির্বাচন করবে। 

ইনু বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং রাতের খাবারের মধ্য দিয়ে এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে, জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে।

আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব। 

তিনি আরো বলেন, কেউ প্রত্যাহার করে নিলে আচরণবিধি ভঙ্গ হয় না। তা করার জন্য যার যার দল তার প্রার্থীকে অনুরোধ করতে পারে। সুতরাং এ ব্যাপারে আমি মনে করি না মনোমালিন্য কিছু হবে।

দলীয় কৌশলগত সিদ্ধান্ত কীভাবে কার্যকর করবে শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত গণভবনে ১৪ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠকে করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গতকালের বৈঠক সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর আধিক্য যেমন আছে তেমনি থাকবে। দল থেকে একজনকে জেতানোর জন্য অন্যজনকে বসতে বাধ্য করা হবে না।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটি আগামী দুই দিনের মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে পারে।

কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

এদিকে আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়টি আগামীকাল বুধবারের মধ্যে নিষ্পত্তি হবে। শরিকরা কে কোন আসন পাচ্ছেন সেটাও তখন জানা যাবে।

তিনি বলেন, ‘১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আসন ভাগাভাগির সিদ্ধান্ত হবে। ১৪ দলের নেতারা সন্তুষ্ট কি না সেটা আমাদের দেখার বিষয় নয়। রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।’


     এই বিভাগের আরো খবর