গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জ্বালানি তেল মজুদ ও অবৈধভাবে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
সোমবার উপজেলার রাজপাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী হাকিম অনিরুদ্ধ দেব।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার দইসারা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা (৬০) এবং একই গ্রামের সোবাহান খানের ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম (২৯)।
নির্বাহী হাকিম অনিরুদ্ধ দেব বলেন, ওই বাজারে ব্যবসায়ী আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছেন, এমন খবর পায় গোয়েন্দা সংস্থা এনএসআই।
পরে এনএসআই সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ওই দোকান থেকে ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ এবং তেল মজুদের দায়ে আলমগীরকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অভিযানে একই বাজারে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী হাকিম অনিরুদ্ধ দেব বলেন, জব্দ করা জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।