
বরগুনার বেতাগী উপজেলার উত্তর করুনা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণে আশংঙ্কাজনক অবস্থায় বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রাকিবের ৪ বছরের ভাগ্নে জুবায়েদের সাথে প্রতিবেশী মো. ছগির খানের ছেলে রাশেদ বাড়ির পাশে খেলছিল। এ সময় তাদের মধ্যে মারামারি হয়। এর সূত্র ধরে জুবায়েদের নানী মাকসুদা বেগম ও রাশেদের মা রুবি বেগমের মধ্যে ঝগড়া সৃষ্টি হওয়ায় রুবি বেগম লাঠি দিয়ে মাকসুদা বেগমকে মারধর ও ঘরে হামলা চালিয়ে বেড়া ভাঙে। এ সময় মাকসুদার ছেলে এসএসসি পরীক্ষার্থী রাকিব তার মাকে মারধর এবং বেড়া ভাঙার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে পুনরায় কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে ছগির তার হাতে থাকা দা দিয়ে রাকিবের মাথায় কোপ দেয়। এতে সে জখম হলে স্থানীয়রা উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তেন মং বলেন, রাকিবের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে এখন আশঙ্কামুক্ত।
এ বিষয় থানায় আভিযোগ দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।