রাজধানীর কদমতলী এলাকা থেকে ডিএমপির তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইকবাল হোসেন বাদশাকে (৫২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি-৩)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে শ্যামপুর থানায় ২০২১ সালের একটি দস্যুতা মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩৯৩ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার জজ আদালত-১০ গত ১৩ আগস্ট ২০২৬ তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সাজা ঘোষণার পর ইকবাল হোসেন বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন এবং নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে চলাফেরা করতেন। শ্যামপুর থানার অধিযাচনের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার ইকবাল হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ মোট ১০টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন