কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. রাহিম মোল্লা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত রাহিম মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. কামরুল মোল্লার ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১,কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদর থানার বটতৈল ইউনিয়নের খাজানগর বড় মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. রাহিম মোল্লাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।