কুষ্টিয়ার খোকসায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নাফিজ আহমেদ খান রাজুর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে খোকসা যুব সংঘ ক্লাবের সামনে থেকে খোকসা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ চলাকালে কিছু সময়ের জন্য কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান পুনম, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. জেড. জি. রশিদ রেজা বাজু, আহত বিএনপি নেতা রাজুর বড় ভাই আলহাজ সাইদুর রহমান মন্টু, মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা খোকসাকে অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটে। আহতের পরিবার সূত্রে জানা যায়, রাজু অফিস থেকে বাড়ি ফেরার সময় সংঘবদ্ধ কয়েকজন হামলাকারী তার পরিচয় নিশ্চিত করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়েও তাকে আঘাত করে।