মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন মদনা বাজারে অবস্থিত রাজধানী ফুডস নামের একটি বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি এবং কারখানার বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মদনা বাজারে অবস্থিত রাজধানী ফুডস বিস্কুট কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস জানায়, কারখানায় প্রচুর পরিমাণে ভোজ্যতেল ও দাহ্য তেলজাতীয় উপকরণ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।
দর্শনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি