কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২০ পিস টেপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের কঠোর অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে তাঁর নেতৃত্বে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আটককৃতরা হলেন— মোঃ সাগর (৪০), পিতা: মৃত রাসেল শেখ, সাং: চৌড়হাঁস কলোনি, কুষ্টিয়া সদর এবং আব্দুর রশিদ (৪০), পিতা: মোঃ নুরু গাজী, সাং: ছেউড়িয়া মণ্ডলপাড়া, কুমারখালী, কুষ্টিয়া।
অভিযানে উদ্ধার করা হয় ২০ পিস টেপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা। কুষ্টিয়া সদর থানাধীন চৌড়হাঁস কলোনি, কুমারখালী থানাধীন ছেউড়িয়া মণ্ডলপাড়া এবং জেলার বিভিন্ন এলাকায় ২ জুলাই ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম। উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীরের প্রসিকিউশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন বলেন, “মাদকমুক্ত কুষ্টিয়া গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ভবিষ্যতেও আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।