ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর

কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনায় আটক দুই প্রধান আসামির মধ্যে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সেনাবাহিনীর সদস্য হওয়ায় তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) কুষ্টিয়া মডেল থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, গত বুধবার (১৭ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভিডিও সাংবাদিক মো. ইমরান হোসেন ও বিশেষ প্রতিনিধি মো. রঞ্জুউর রহমানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন, মাইক্রোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। ঘটনার পর আহত ভিডিও সাংবাদিক মো. ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার প্রধান দুই আসামি রেজা চৌধুরী ও সেলিম চৌধুরীকে আটক করে।আটক সেলিম চৌধুরীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে, আটক রেজা চৌধুরী সেনাবাহিনীর সদস্য হওয়ায় তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সেনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর একজন সেনাসদস্য থানা হেফাজতে ছিল। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর