কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা এলাকায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বইছে উৎসবের প্রবল স্রোত। প্রিয় দলের সমর্থনে রাস্তার দু’পাশে টাঙানো হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা। ব্যানার, ফেস্টুন ও রঙিন সাজে পুরো এলাকা এখন উৎসবমুখর। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও আলোচনাও ততই বাড়ছে। টাকিমারার ব্রাজিল সমর্থক রিমন ইসলাম বলেন, “আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। অনেকে বলে ব্রাজিল বেশি বিশ্বকাপ জিতেছে বলেই সমর্থন করি, কিন্তু আমার কাছে তাদের খেলার সৌন্দর্যই আকর্ষণীয়। আজ রাতেও পানামাকে ৬-২ গোলে হারিয়েছে। আমরা খুব আশাবাদী।” আর্জেন্টিনা সমর্থক মনিরুল ইসলাম বলেন, “সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, এবারও তারাই শিরোপা জিতবে।” তিনি আক্ষেপ করে জানান, “টাকিমারায় খেলার কোনো মাঠ নেই, থাকলে আরও অনেক বেশি আনন্দে খেলা উপভোগ করা যেত।” আরেক ব্রাজিল সমর্থক রিংকু বলেন, “আমরা বিশ্বকাপের সময় অন্তত ১০০ হাত লম্বা পতাকা তৈরি করি। এখানে দুটি গ্রুপ—একটি ব্রাজিল, অন্যটি আর্জেন্টিনা।” ক্ষুদে আর্জেন্টিনা ভক্ত মুশফিক জানায়, “আমি মেসিকে ভালোবাসি। তাই আর্জেন্টিনাকে সমর্থন করি।” খেলার মাঠ থেকে হাজার মাইল দূরে থেকেও টাকিমারার গ্রামীণ জনপদ বিশ্বকাপের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে। প্রিয় দলের জয়ের প্রত্যাশায় দিন গুনছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।