কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) আছরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন। হামলাকারীরা হলেন হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।
আমির হামজার শ্যালক আবু বক্কর বলেন, কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে এবং আমি আর বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। বার বার হর্ন দিলেও গাড়ি না সরানোয় আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। তখন ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন।
আবু বক্কর আরও বলেন, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে। আমার বোন গাড়ি থেকে বের হলে তাকে এবং দুলাভাই আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা।
এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় রয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।