ঢাকা, শুক্রবার, ১৫ মে, ২০২৬ ()
শিরোনাম

বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাইকে হত্যা

বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আম্মার শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতের এ ঘটনায় ঘাতক আলী আব্দুল্লাহকে (২৩) রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

নিহত আম্মার শেখ বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।

এ ঘটনায় আম্মারের বাবা তাসলিম মাহমুদ বাদী হয়ে আলী আব্দুল্লাহ ও তার মা তুহিনারা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এ সময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। আম্মারের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটকে রেখে বাগেরহাট সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আলী আব্দুল্লাহকে গ্রেফতার করে। এছাড়া আম্মার শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।


     এই বিভাগের আরো খবর