পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কুষ্টিয়া জেলা পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। যা কুষ্টিয়া জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির এর নিকট হতে কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা গ্রহণ করেন।
রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রেঞ্জের ডিআইজি মহোদয়গণ, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। উক্ত অর্জন ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী পুলিশি সেবা প্রদানে প্রেরণা জোগাবে।