নাটোরের বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হাসান আলী উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ গাঁওপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য তার মা রাজশাহীতে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার সকালে প্রতিবেশী হাসান আলী ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হাসান আলী দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে ভুক্তভোগীর মা রাজশাহী থেকে ফিরে ঘটনাটি জানতে পারেন এবং ওই দিনই (বুধবার) বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে উপজেলার লোকমানপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।