ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ()

জ্বালানী তেলের দাম বাড়তেই চুয়াডাঙ্গায় যাত্রীদের ক্ষোভ

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে গণপরিবহনে। তেলের দাম বাড়ার ঘোষণা আসার পরপরই চুয়াডাঙ্গা থেকে রাজধানী ঢাকা ও অন্যান্য দূরপাল্লার রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া বাড়ানো হয়েছে। বিআরটিএ কর্তৃক ভাড়া বৃদ্ধির নির্দেশনা না দেওয়া সত্ত্বেও হঠাৎ ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। হঠাৎ দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও নিম্নআয়ের মানুষ। তবে অপরিবর্তিত রয়েছে জেলার লোকাল বাসের ভাড়া।
চুয়াডাঙ্গা বাস টার্মিনাল ও শহরের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, ঢাকা-চুয়াডাঙ্গা রুটে নন-এসি বাসের ভাড়া আগের তুলনায় ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী নন-এসি বাসের ভাড়া যা আগে ছিল ৬৫০ টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকায়। চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রামগামী রুটে নন এসি বাসের ভাড়া ১ হাজার ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন ও জে আর পরিবহনের বাস কাউন্টার গুলো ঘুরে জানা যায়, নন এসি বাসের ভাড়া বাড়লেও এসি বাসের ভাড়া এখনো বৃদ্ধি করা হয়নি। হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ঢাকা ও চট্টগ্রামগামী বাসের ভাড়া ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে থ্রিহুইলার ও সিএনজি চালিত গাড়ির ভাড়া যাত্রীদের কাছ থেকে প্রকার দুরত্বভেদে বেশি নেয়া হচ্ছে।
তবে অপরিবর্তিত রয়েছে জেলা থেকে ছেড়ে যাওয়া পার্শ্ববর্তী জেলার বাসের ভাড়া। চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী লোকাল বাসের ভাড়া পূর্বের মত নেওয়া হচ্ছে ৮০ টাকা। চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া লোকাল বাসের ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের লোকাল বাসের ভাড়া নেওয়া হচ্ছে ৬০ টাকা, জেলার অভ্যন্তরীণ চুয়াডাঙ্গা থেকে জীবননগর লোকাল বাসের ভাড়া নেওয়া হচ্ছে ৭০ টাকা। জেলা বাস মালিক সমিতি থেকে নির্দেশনা না আসায় বাসের ভাড়া বৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন বাস কর্তৃপক্ষ।  
বাস টার্মিনালে অপেক্ষারত সাধারণ যাত্রীদের চোখেমুখে এখন কেবলই দুশ্চিন্তার ছাপ। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা যাত্রী আজগর আলী বলেন, হুট করে ভাড়া এত বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা করা অসম্ভব হয়ে পড়বে। বেতন তো বাড়ে না, কিন্তু তেলের দাম বাড়লেই সবকিছুর দাম বেড়ে যায়। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ঢাকাগামী বাসের ভাড়া ১০০ টাকা বেড়ে গিয়েছে। এভাবেই ভাড়া বাড়তে থাকলে আমাদের যাতায়াত অনেক কষ্টকর হয়ে উঠবে।
ভাড়া বৃদ্ধির ব্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষ দায়সারা বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি) লিটন বিশ্বাস বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে কোন অভিযোগ এখনো আসেনি। তবে যদি কোন গ্রাহক ভাড়া বৃদ্ধির বিষয়ে অভিযোগ করেন তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে হবে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিআরটিএ থেকে এখনো ভাড়া বৃদ্ধির বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, তেলের দাম বৃদ্ধির এই প্রভাব কেবল যাত্রী ভাড়ায় সীমাবদ্ধ থাকবে না। চুয়াডাঙ্গা থেকে দেশের বিভিন্ন প্রান্তে সবজি ও পণ্যবাহী ট্রাকের ভাড়াও বাড়বে।


     এই বিভাগের আরো খবর